৭১-এর চেতনায় চব্বিশের বিজয় অর্জন: আখতার হোসেন

'৭১ সালের মতো করেই ২৪ সালে আমরা বিজয় অর্জন 'করেছিলাম বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের এনসিপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।  

আখতার হোসেন বলেন, ১৯৭১ সালে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায় বিচারের স্বার্থে যে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তারপর অর্ধ শতাব্দী গত হয়েছে এবং স্বৈরাচার কায়েম করেছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বারংবার জীবন দিয়েছেন। ২০২৪ সালে আমরা দেখেছি, বাংলাদেশের যে স্বৈরাচার আওয়ামী লীগ দূর শাসনের বিরুদ্ধে সেই ১৯৭১ সালের মতো করে বাংলার দামাল ছেলেরা ছাত্র শ্রমিক জনতা একতাবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। ৭১ সালের মতো করেই ২৪ সালেও আমরা বিজয় অর্জন করেছিলাম। 

এ সময় তিনি আরো বলেন, ৪৭ আমাদের মানচিত্রের ভূখণ্ড এঁকে দিয়েছিল, ৭১ আমাদের স্বাধীনতা অর্জন করেছিল, ২৪ এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের পথে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি। স্বাধীনতা দিবসে আমরা যেমন বীর শহীদদের স্মরণ করি তেমনিভাবে আমরা গণতান্ত্রিক সেই বাংলাদেশকে রক্ষার প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই বলে জানান তিনি। সেখানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।