সাভারে প্রেশারকুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে রাখা একটি প্রেশারকুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা বিকেল সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করে।

এসআই জানান, বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। বিষয়টি বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থ পৌঁছে বোমা নিষ্ক্রিয় করার আগে নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেয়। পরে বিকট শব্দে বিস্ফোরণের মতো শব্দ হয় এবং আকাশে সাদা ধোঁয়া দেখা যায়।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার পাওয়া যায়। পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত