ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আলী আজমকে (৪৫) বুধবার রাত ১টার দিকে নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দিউরা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তাকে আবারও হাসপাতালে চেকআপ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। খবর পেয়ে বুধবার গোপনে তার বাড়িতে পুলিশ ও ডিবির যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আলী আজম অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় নিয়ে আসা হয়।