জনগণের ইচ্ছা সংবিধানের চেয়ে বড়: শিবির সেক্রেটারি

জনগণের ইচ্ছা সংবিধানের চেয়ে বড় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান রচিত হয়। তাই জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে কোনও ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন, প্রেস ক্লাব ও মৎসভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সিবগাতুল্লাহ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’-এর ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার সেই গণরায়কে উপেক্ষা করছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এমনকি গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়ার কথাও আমরা জানতে পেরেছি। বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেটকে এভাবে উপেক্ষা করা যায় না।’

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিলের চক্রান্ত চলছে, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও নিজের অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।

শিবির সেক্রেটারী বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আজ ৫৫ বছর পূর্ণ হলো। স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি। বারবার আমাদের ওপর যে শাসকগোষ্ঠী চেপে বসেছে, তারা এই স্বাধীনতার টুঁটি চেপে ধরেছে।’