কুষ্টিয়ায় ভোগান্তিমুক্ত রেল সেবা নিশ্চিত করতে ‘কুষ্টিয়া কোর্ট’ রেলওয়ে স্টেশন প্লাটফরমের উচ্চতা, প্রশস্ত ও দৈর্ঘ সম্প্রসারণসহ কাঙ্ক্ষিত মানসম্মত যাত্রী সেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ‘আন্তরিক কুষ্টিয়া’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় ব্যানারে উল্লেখিত দাবির সঙ্গে একাত্মতা ও সংহতি জানিয়ে প্লাটফরর্মের সাধারণ যাত্রীরাও অংশ নিয়ে দাঁড়িয়ে যান।
‘আন্তরিক কুষ্টিয়া’র আহ্বায়ক সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আসিফ রূপন, রজত হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন সরকার, বন্ধু সমাজ কুষ্টিয়ার হাফিজ সরকার, চেম্বর অব কমার্সের সাবেক সহ সভাপতি এসএম কাদরী শাকিল, ক্রীড়া সংগঠক কাজী ইমদাদুল বাসার রিপন, প্রবীণ হিতৈষী সংঘের মুকুল হোসেন, বড়বাবু ছোটবাবু, সাধারণ ট্রেন যাত্রী রাজু আহমেদ, সায়লা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেল ভ্রমণের সময় বাংলাদেশ রেলওয়ের ‘কুষ্টিয়া কোর্ট’ স্টেশনটি পুরোনো এবং নিচু হওয়ায় ট্রেন থেকে ওঠা-নামা করতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অবহেলিত এই রেল স্টেশনটির অবকাঠামো উন্নয়ন, স্টেশন সম্প্রসারণ এবং প্ল্যাটফর্ম উঁচু করণের যৌক্তিক দাবি কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের। এ ছাড়া দূরপাল্লার আন্তঃনগর ট্রেনের দৈর্ঘের তুলনায় মূল প্লাটফরমটির দৈর্ঘ অর্ধেক হওয়ায় সামনে-পেছনে অর্ধেক বগীর যাত্রীদের ওঠা-নামায় জীবনের ঝুঁকি নিতে হয়।