কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৪৭) নামের আপন বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।
নিহত নুর ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়ার ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলালের (৪৩) মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই হেলাল (৪৩) কে আটক করেছে পুলিশ।
