টু ক রো  খ ব র

নয়া মিশনে শাকিব খান

ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিন্স’ সিনেমাটি। আর এর মধ্যেই নতুন মিশন নিয়ে মালয়েশিয়ায় গেলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর চিত্রধারণ। তরুণ নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এটি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের মিউজিক্যাল-রোমান্টিক চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটিকে একটি স্টাইলিশ ও আধুনিক রূপ দিতে মালয়েশিয়ার মনোরম লোকেশনগুলোকে বেছে নেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে শাকিব খানের লুক ও উপস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় এই জুটিকে একসঙ্গে দেখা গেলেও এটি তাদের দ্বিতীয় রসায়ন। অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, যেহেতু এটি মিউজিক্যাল ঘরানার সিনেমা, তাই এতে মারপিটের চেয়ে গান এবং আবেগের প্রাধান্য বেশি থাকবে।৯ বছর পর শখ-নিলয়ের নাটক

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় জুটি আনিকা কবির শখ ও নিলয় আলমগীর। একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন বহু নাটকে। এর মধ্যে বিবাহবন্ধনেও আবদ্ধ হন তারা। তবে ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি। ৯ বছর পর আসছে এই তারকা জুটির নাটক ‘কিডন্যাপ’। আজ শুক্রবার রাত ৮টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করেন বলে জানান নির্মাতা।

পরিচালক শিমুল শিকদার বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে দর্শকরা আনন্দ পাবেন আশা করছি।’

এতদিন পর নাটকটি প্রচারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিলয় ও শখ দুই তারকা। নাটকটি নিয়ে বেশ আশাবাদীও তারা।

আল্লুর নায়িকা আনুশকা

অভিনয় থেকে এক প্রকার বিদায়ই নিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয়ের চেয়ে সংসারকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে ৮ বছর পর ফের অভিনয়ে দেখা যাবে তাকে। জানা গেছে, অ্যাটলির পরিচালনায় দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিপরীতে ফিরছেন আনুশকা শর্মা। দীপিকা, রাশমিকা ও জাহ্নবী কাপুরের উপস্থিতিতে এটি হতে যাচ্ছে বছরের অন্যতম মেগা প্রজেক্ট। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল আনুশকাকে। এরপর ব্যক্তিগত জীবন ও মাতৃত্বকে সময় দিতে অভিনয় থেকে দূরে সরে

থাকলেও, এবার ফিরছেন এক মেগা প্রজেক্টের হাত ধরে। ভারতীয় গণমাধ্যমের জোরালো গুঞ্জন, দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির একটি বড় বাজেটের সায়েন্স ফিকশনধর্মী ছবির মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে তার। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলেগু সিনেমা, যা তার ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দেবে। যদিও আনুশকা এর মধ্যে ‘চাকদা এক্সপ্রেস’ ছবির কাজ শেষ করেছেন, তবে সেটি ওটিটির অপেক্ষায় থাকায় বড় পর্দায় তার এই ফেরা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

অভিনয়ের জন্য গান বন্ধ আইলিশের

পপ তারকা বিলি আইলিশ এবার আসছেন বড় পর্দায়। জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম ডেডলাইন জানিয়েছে, আমেরিকান লেখিকা সিলভিয়া প্লাথের উপন্যাস ‘দ্য বেল জার’ অবলম্বনে তৈরি হতে যাওয়া সিনেমায় দেখা যাবে আইলিশকে। সিনেমাটি পরিচালনা করবেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী পরিচালক সারাহ পলি। এই নির্মাতা ২০২২ সালে ‘উইমেন টকিং’ সিনেমার জন্য সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতেন। ১৯৬৩ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য বেল জার’ এর কেন্দ্রীয় চরিত্র এস্থার গ্রিনউডের ভূমিকায় দেখা যাবে আইলিশকে। একই উপন্যাস অবলম্বনে ১৯৭৭ সালে একটি সিনেমা তৈরি হয় যেখানে মূল চরিত্রে অভিনয় করেন ম্যারিলিন হ্যাসেট ও জুলি হ্যারিস। সিনেমাটি পরিচালনা করেছিলেন ল্যারি পিয়ার্স। আইলিশের জন্য বড় পর্দার অভিজ্ঞতা নতুন হলেও সিনেমার অভিজ্ঞতা নতুন নয়। ‘বার্বি’ ও জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’ সিনেমার অরিজিনাল গানের জন্য অস্কার জিতেছেন ২৫ বছর বয়সী এই গায়িকা। তবে ডেডলাইন জানিয়েছে ‘বেল জারের’ জন্য কোনো গান গাইবেন বা সুর করবেন না আইলিশ।