আজ বিশ্ব নাট্য দিবস

শিল্পকলায় নানা আয়োজন

আজ বিশ্ব নাট্য দিবস। প্রতিবছর ২৭ মার্চ থিয়েটারের শিল্পের প্রতি সম্মান প্রদর্শন এবং নাট্যশিল্পীদের কাজের মূল্যায়ন করার একটি বিশেষ দিন। ১৯৬১ সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিই) এই দিবসটির প্রবর্তন করে এবং এর পরবর্তী বছরগুলোতে এটি বিশ্বব্যাপী নাট্যশিল্পীদের সম্মান এবং থিয়েটারের গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখছে। বিশ্বের নানা প্রান্তে আজও থিয়েটারের মাধ্যমে শিল্পী-কলাকুশলীরা তাদের সৃষ্টিশীলতা, সংগ্রাম, এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করেন। বিশ্ব নাট্য দিবস এমন একটি বিশেষ দিন, যা থিয়েটারের ঐতিহ্য এবং নাট্যশিল্পীদের অবদানকে সারা বিশ্বে সম্মান জানায়। এই দিনটি থিয়েটারের শক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা তুলে ধরে এবং নাট্যশিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। থিয়েটার শুধু একটি বিনোদন নয়, এটি মানুষের মানসিকতা, সংস্কৃতি এবং সমাজকে আলোকিত করার এক শক্তিশালী মাধ্যম। এ দিনে থিয়েটারের প্রতি মানুষের শ্রদ্ধা এবং এর মাধ্যমে বিশ্বমানবতার প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এবারও। বিশ্ব নাট্য দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবস নিয়েও নানা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন ও সম্মাননার আয়োজন করা হয়েছে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী-শান্তিপ্রত্যাশী দেশ-বিদেশে প্রশংসিত ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 

শেষ পর্বে এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) প্রাপ্তিতে রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ককে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। অতিথি হিসেবে সম্মাননা তুলে দেবেন জাপানের টোকিওস্থ কাহাল গ্যালারির চেয়ারম্যান চিত্রশিল্পী কামরুল হাসান লিপু।

নাটকটিতে অভিনয়ে রয়েছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ। এ দিন প্রযোজনাটির ১২৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

আবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ব নাট্য দিবস পালন করছে নাট্যদল বটতলা। বেহালা বাদন দিয়ে শুরু হবে নাট্যদল বটতলার আয়োজন। বেহালায় দেশাত্মবোধক গান পরিবেশন করবে সুর নিবেদন সংগীত একাডেমি, শিশুশিল্পী মুনত্বাহা কামরান দৃবেলা ও কাজী সোহানা ইসলাম ছোঁয়া। এরপর পাপেট শো পরিবেশন করবে কাকতাড়–য়া পাপেট থিয়েটার। পাপেট শোতে দেখানো হবে বটতলার শিশু বিভাগের শিল্পীদের অভিনীত দুটি নাটক ‘ফাংসাং’ এবং ‘গালিভারস ট্রাভেলস’। সাদিকা রুমন রচিত ফাংসাং ছোটদের একটি রূপকথার গল্প। এটি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব, কল্পনা এবং জাদুর পাখির গল্প দিয়ে এক অদ্ভুত ও আনন্দদায়ক জগতের রূপরেখা তুলে ধরে। অন্যদিকে শাম্মী আক্তারের নাট্যরূপে গালিভারস ট্রাভেলস নাটকের গল্পে দেখা যাবে, ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে গল্পের বই ধার নিয়েছে শিশুরা। ‘গালিভারস ট্রাভেলস’ আর ‘সুলতানার স্বপ্ন’ পড়ে তাদেরও অ্যাডভেঞ্চারের স্বপ্ন জাগে। সেই স্বপ্নযাত্রারই গল্প সাজিয়েছে কিশোর বাহিনী, তাদের দলে গালিভার নাম ধারণ করে তিন বন্ধু। এরপর শুরু হয় আনন্দসফর। বটতলার পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব নাট্যদিবসে শিশুদের প্রতি এই অকুণ্ঠ সমর্থন হোক আগামীর কোনো নন্দিত নাট্য অভিনেতার প্রতি আমাদের অলক্ষ্য বিনিয়োগ। আর স্বাধীনতার আকাক্সক্ষার সুরটিও মিলে যাক একই রেখায়! প্রাণে প্রাণ মেলাবই, উৎসবে, শিশুদের মিলিত কলরবে।