বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সূর্যোদয়ের পরপরই চবকের প্রধান দপ্তর, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, সংঘ ও বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর আগে ২৫ মার্চ রাতে গণহত্যায় নিহতদের স্মরণে বন্দর সংরক্ষিত এলাকার বাইরে এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউট করা হয় এবং বন্দরের সব জাহাজে ভেঁপু বাজিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএনসহ অন্যান্য বোর্ড সদস্য বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, নিরাপত্তা বিভাগের গার্ড কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার গ্রহণ ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় চবক-এর বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতারা, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে বাদ জোহর চবক আওতাধীন সব মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চবক-এর সব ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোকপাত করে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।