বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শয়ন জোড়গাছা গ্রামের মৃত টিপু ম-লের ছেলে। শয়ন বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।
পুলিশ ও স্বজনরা জানান, সন্ধ্যার দিকে বাজারে একদল দুর্বৃত্ত শয়নের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা লুৎফর হায়দার রুমি জানান, সন্ধ্যার দিকে শয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি থানার ওসি এ এফ এম আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।