শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২।
হনশু দ্বীপের অবস্থান জাপানের পূর্ব উপকূলে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আগের দিন বুধবার জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক বেসিনের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ারের ওপর অবস্থিত। এ কারণেই জাপানে ঘন ঘন ভূমিকম্প ঘটে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বিশ্বে বছরে যত ভূমিকম্প হয়, তার প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।
নিয়মিত ভূমিকম্প হওয়ার কারণে জাপানের বাড়িঘর ও অন্যান্য স্থাপনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে— যাতে সেগুলো নিম্ন থেকে মাঝারিমাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।