টানা দুটি বিশ্বকাপে খেলতে না পারার দুঃস্বপ্ন ঘুচিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে পৌঁছে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বৃহস্পতিবার রাতে বারগামোর নিউ ব্যালেন্স অ্যারেনায় প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। এই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ইতালির সামনে এখন বাধা কেবল বসনিয়া ও হার্জেগোভিনা।
ম্যাচের শুরু থেকেই ইতালির ওপর ছিল প্রবল চাপ। ২০ ডার ও ২০১৪ সালের গ্রুপ পর্ব থেকে বিদায় এবং পরবর্তী দুই আসরে কোয়ালিফাই করতে না পারার ক্ষত নিয়ে মাঠে নেমেছিল গেন্নারো গাত্তুসোর দল। প্রথমার্ধে উত্তর আয়ারল্যান্ডের রক্ষণ ভাঙতে না পেরে টেনশন বাড়ছিল গ্যালারিতে। তবে ৫৬ মিনিটে ডেডলক ভাঙেন নিউক্যাসেল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো টোনালি। ডি-বক্সের প্রান্ত থেকে তার জোরালো ভলি সফরকারী গোলরক্ষককে পরাস্ত করলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় মাইকেল ও’নিলের তারুণ্যনির্ভর উত্তর আয়ারল্যান্ড। কিন্তু ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ইতালির জয় নিশ্চিত করেন ময়েসে কিন। পোস্টের ভেতরের দিকে লেগে বল জালে জড়ালে ২-০ ব্যবধান নিশ্চিত হয়। পুরো ম্যাচে উত্তর আয়ারল্যান্ড লড়াই করলেও ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে তেমন কঠিন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা।
উত্তর আয়ারল্যান্ডের এই দলটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দল। তাদের গড় বয়স ২২.৫ বছর। দলের প্রধান তিন তারকা কনর ব্র্যাডলি, ড্যান ব্যালার্ড এবং আলি ম্যাকক্যানকে ছাড়াই তারা ইতালির অভিজ্ঞ শক্তির বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াই করেছে। অন্যদিকে, গাত্তুসোর অধীনে ইতালি তাদের চিরাচরিত আগ্রাসী ফুটবল এবং দলীয় সংহতির প্রমাণ দিয়েছে।
আগামী মঙ্গলবার প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি। অন্য সেমিফাইনালে কার্ডিফে ওয়েলসকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে বসনিয়া। মঙ্গলবার যারা জিতবে, তারাই ২০২৬ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্বাগতিক কানাডা, সুইজারল্যান্ড এবং কাতারের সঙ্গী হবে। ২০ বছর আগে (২০০৬) শেষবার বিশ্বকাপ জেতা ইতালির জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং বিশ্বমঞ্চে হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই।