নানা নাটকীয়তা আর বিতর্কের মধ্য দিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পর্দা উঠল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। তবে উদ্বোধনী ম্যাচটি খেলার চেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিচিত্র ঘটনার কারণে। ম্যাচের মাঝপথে হঠাৎ দেখা যায়, খেলা শুরুর ‘সাদা’ বলটি পুরোপুরি ‘গোলাপি’ রঙ ধারণ করেছে। এই ঘটনায় টুর্নামেন্টের মান এবং খেলোয়াড়দের জার্সির গুণগত মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের মধ্যকার ম্যাচে লাহোরের ইনিংসের ১৫তম ওভারের পর আম্পায়াররা বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। দেখা যায়, ঘর্ষণ বা অন্য কোনো কারণে বলের রঙ বদলে গেছে। নেটিজেনদের দাবি, হায়দরাবাদ কিংসের জার্সির রঙ বলের গায়ে লেগে এমনটা হতে পারে। আবার অনেকে পিচ বা মাঠের কন্ডিশনকে দায়ী করছেন। এই বিচিত্র ঘটনার ভিডিও ভাইরাল হতেই ‘পিঙ্ক বল টেস্ট’ এর আদলে পিএসএলকে নিয়ে ট্রল শুরু করেছেন ক্রিকেট ভক্তরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হায়দরাবাদ কিংসের অজি তারকা মার্নাস লাবুশেন বলেন, "দ্বিতীয় ওভারের পরেই আমি আম্পায়ারদের বলেছিলাম, 'কী ঘটছে এসব? বলটা লাল হয়ে যাচ্ছে।' এটা অবশ্যই পোশাক বা এই জাতীয় কিছু থেকে হচ্ছে। আমি আগে কখনও এমনটা দেখিনি। আমি এমন ঘটনা দেখেছি যেখানে ব্যাটের কোনো কিছু বলের গায়ে লেগেছে, অথবা প্যাডে লেগে বলের কিছুটা রঙ চটে গেছে। কিন্তু পোশাক থেকে এমনটা হতে আমি কখনও দেখিনি। আমি নিশ্চিত পরবর্তী কয়েক ম্যাচের মধ্যেই তারা এটি ঠিক করে ফেলবেন।"
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং পাকিস্তানে তীব্র জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএল শুরু হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে নাগরিকরা চলাফেরা সীমিত রাখায় গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি নিরাপত্তার খাতিরে উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এবারের পুরো টুর্নামেন্টটি মাত্র দুটি ভেন্যু লাহোর ও করাচিতে সীমাবদ্ধ রাখা হয়েছে।
সব বিতর্কের মাঝেও মাঠের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে শাহীন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স। ফখর জামানের বিধ্বংসী ৫৩ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান সংগ্রহ করে লাহোর। জবাবে মার্নাস লাবুশেনের হায়দরাবাদ কিংস মাত্র ১৩০ রানে গুটিয়ে যায়। ৬৯ রানের বড় জয়ে আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান।