আইপিএলের আসন্ন মৌসুম শুরুর আগমুহূর্তে চেন্নাই সুপার কিংসের মহাতারকা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিতর্ক উসকে দিলেন তারই সাবেক সতীর্থ সুব্রামানিয়াম বদ্রিনাথ। ৪৪ বছর বয়সী ধোনির ফিটনেস এবং বর্তমান দলে তার প্রকৃত অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।
দীর্ঘদিন ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। ২০২৫ আসরে ৪ কোটি টাকায় ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে ধোনিকে ধরে রেখেছিল চেন্নাই। তবে গত মৌসুমে ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল বেশ ম্লান। ১৪ ম্যাচে মাত্র ২৪.৫০ গড় এবং ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। অধিকাংশ ম্যাচেই তাকে আট নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে, যা নিয়ে সমালোচনা থামছে না।
নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ বলেন, ‘১৮ বা ১৯তম ওভারে ধোনি এসে দুই-একটা ছক্কা মারলে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ভাবলে, প্রতিটি ম্যাচে খেলার মতো সামর্থ্য কি তার এখনও আছে? বিশেষ করে গত মৌসুমের পারফরম্যান্সের পর এটা ভাবার সময় এসেছে যে, ধোনির কার্যকারিতা আসলে কতটা অবশিষ্ট আছে?’
বদ্রিনাথ আরও যোগ করেন যে, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাইয়ে এখন সাঞ্জু স্যামসনের মতো সিনিয়র উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছেন। রাজস্থান রয়্যালস থেকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বিনিময়ে স্যামসনকে দলে ভেড়ানোয় ধোনির দলে থাকাটা এখন কেবলই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে হওয়া উচিত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
মাঠে ধোনির উপস্থিতি রুতুরাজকে কতটা সাহায্য করবে, সেটা নিয়েও সন্দিহান বদ্রিনাথ। তিনি বলেন, ‘ধোনি খুব কম কথা বলেন। রুতুরাজ কি তার কাছে পরামর্শ চাইবেন? আর ধোনি কি নিজ থেকে আগ বাড়িয়ে কিছু বলবেন? সাঞ্জু স্যামসনও এখন দলে আছেন, যিনি দীর্ঘ সময় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন। ফলে মাঠের ভেতরে নেতৃত্বের লড়াই বা ইগোর সমস্যা দেখা দেয় কি না, সেটাও দেখার বিষয়।’
এত সমালোচনার মাঝেও দমে যাননি ধোনি। আগামীকাল ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের মাঠে নামার জন্য তিনি কঠোর অনুশীলন শুরু করেছেন। ভক্তদের মনে এখনও আশা, হয়তো ব্যাট হাতে আরও একবার ‘ফিনিশার’ ধোনির জাদু দেখা যাবে। তবে বদ্রিনাথের এই মন্তব্য সিএসকে দলে এক নতুন আলোচনার জন্ম দিল, যা দলটির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে।