তৃণমূল পর্যায় থেকে উঠে এসে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় তরুণ ফুটবলার আবু আলিফকে সংবর্ধনা দিয়েছে পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতি।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁকা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আবু আলিফ পার্শ্ববর্তী বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। আয়োজক সূত্রে জানা যায়, সাম্প্রতিক অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ দেয়। যার ফলে জাতীয় দলে খেলার স্বপ্নপথে আবু আলিফ।
আগামী দুই মাসের জন্য বিকেএসপিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ ক্যাম্পে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়ের মধ্যে স্থান পেয়েছেন আবু আলিফ। পাকা কল্যাণ সমিতির অধীনে অনুশীলন করে তার এই সাফল্য অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান আয়োজক ওহিদুর রহমান নান্টু।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কোচ কর্মকর্তা ও সাবেক ফুটবলার শাহাজাহান আলী মুন্টু, কোচ কর্মকর্তা ওহিদুর রহমান নান্টু, টিম ম্যানেজার শান্ত, উপজেলা রেফারি শহিদুলসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।