মনপুরায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, সন্ধান মেলেনি হাবিবুরের

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

ভোলার মনপুরায় নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ হওয়ার দুই দিন পেরিয়ে গেলেও ১৩ বছর বয়সী হাবিবুর রহমানের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকালে উদ্ধার হওয়া দুই শিশুর পরিবারের সদস্য এবং নিখোঁজ হাবিবুরের স্বজনেরা বিষয়টি জানান।

উদ্ধার হওয়া দুই শিশু হলো মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে জুনায়েদ (১২) এবং একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২)। আর নিখোঁজ হাবিবুর রহমান (১৩) একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. কামালের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জুনায়েদ ও আরাফাত মনপুরা বাংলাবাজার নূরানি মাদ্রাসার দ্বিতীয় জামায়াতের শিক্ষার্থী। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে তারা বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। খেলা শেষে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করতে থাকেন।

পরদিন শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, পাশের একটি এলাকায় দুই শিশু রয়েছে। পরে সেখানে গিয়ে খেলাধুলারত অবস্থায় জুনায়েদ ও আরাফাতকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

উদ্ধার হওয়া শিশু জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, ‘শুক্রবার বিকেলে জুনায়েদ ও আরাফাত খেলতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। অনেক জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে খবর পেয়ে পাশের একটি এলাকা থেকে তাদের উদ্ধার করি।’

এদিকে নিখোঁজ হাবিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর মাদ্রাসাতুল দারুল কুরআনে পড়াশোনা করে। গত শুক্রবার রাতে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি। এরপর থেকে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। হাবিবুরের বাবা মো. কামাল ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়ে কোনো অভিভাবক থানায় অবহিত করেননি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত