নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার রামপুর বাজারে মেসার্স কৃষি সাথী ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করে। এ সময় অভিযুক্ত ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর বাজারের একটি চক্র দীর্ঘ দিন ধরে কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই পেট্রোল মজুদ করে আসছিল। তারা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে খোলা বাজারে এই জ্বালানি বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম। অভিযানকালে দোকান থেকে মোট ৬টি ড্রাম উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি পূর্ণ এবং ৩টি আংশিক ভর্তি ছিল। ড্রামগুলোতে আনুমানিক ৮০০ লিটার অবৈধ পেট্রোল পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। করে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া এভাবে দাহ্য পদার্থ মজুদ করা আইনত দণ্ডনীয় এবং জননিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।