সাতকানিয়ায় কৃত্রিম বাঁধ কেটে দিলো প্রশাসন!

সাতকানিয়া উপজেলায় নলুয়া ও ঢেমশা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার জন্য নির্মিত কৃত্রিম বাঁধ কেটে দিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। শুক্রবার(২৭মার্চ) বিকালে কয়েক ঘন্টাব্যাপী উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি তারা পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে মাটি কাটার সুবিধার্থে একটি কৃত্রিম বাঁধ নির্মাণ করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে কৃত্রিমভাবে তৈরি ওই বাঁধটি কেটে দেওয়া হয়, যাতে প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক থাকে এবং পরিবেশের ক্ষতি রোধ করা যায়।

এ সময় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁধ তৈরী করে মাটি কেটে পরিবেশ ধ্বংসের সুযোগ নেই।  অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাটি কাটার সংশ্লিষ্টদের সতর্ক করেছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল হক, সেনাবাহিনীর একটি টিম প্রমূখ।