চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীন পরিবহনের বাস ও মহাসড়কে নিষিদ্ধ নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। এ ঘটনায় প্রণয় কর্মকার (২১)সহ আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রিয়াদ ও রিগেন চক্রবর্তী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করে হেফাজতে নেয়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আবদুর সত্তার বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে প্রণয় কর্মকারসহ আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।