খুলনার দিঘলিয়ায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। নিহত মো. সাগরের (২৫) বাড়ি দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া কলোনিতে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার বাসিন্দা জাবেদ আলী শেখের ছেলে বিকাশ ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ সময় পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তার পথরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে তৌহিদুলকে লক্ষ্য করে গুলি চালায় দলের এক সদস্য। তবে হাতাহাতিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে ওই দলের সদস্য সাগরের দেহে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছিনতাইকারীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আরেক ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত হন ব্যবসায়ী তৌহিদুল ইসলামও। তাকেও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সশস্ত্র দলের অন্য সদস্যদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।