টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা

নিহত ৫ জনের মরদেহ গাইবান্ধায় পৌঁছেছে, চলছে শোকের মাতম

টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে পৌঁছেছে। নিহত পাঁচজনের মধ্যে দুইজন একই পরিবারের। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার নিজপাড়া গ্রামে তাদের মরদেহ বাড়িতে আনা হয়।এসময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন ওই এলাকার হামিদুলের স্ত্রী নার্গিস (৩৫) ও  তার ছেলে নিবর মিয়া (১৫)। একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) ও একই উপজেলার ছত্রগাছা গ্রামের জাকির মিয়ার স্ত্রী দোলা বেগম (৩৫)।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের মধ্যেই সম্পন্ন করা হবে।

স্থানীয়রা জানায়, নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। ঈদের ছুটি শেষে গতকাল শুক্রবার (২৭ মার্চ) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। পথে বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন এসে পড়লে ঘটনাস্থলে তারা নিহত। 

 ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।