জিয়াউর রহমানের নাম এড়াতেই খাল খনন হয়নি: প্রতিমন্ত্রী অমিত

জিয়াউর রহমানের নাম এড়াতেই খাল খনন হয়নি বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, শুধুমাত্র রাজনীতির সংকীর্ণতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে দেশের মানুষ বঞ্চিত হয়েছে। খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে তাই বিগত সরকার খাল খননের কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে যশোরের কেশবপুরের বুরুলি খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বছরের পর বছর ধরে জলাবদ্ধতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখনন কাজ চলমান রয়েছে। একই সঙ্গে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বর্ষার আগে বাঁধ অপসারণ ও স্লুইচ গেট সচল করার ওপর জোর দেওয়ার হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্ষার আগে গত বছরের জলাবদ্ধতার কষ্ট অন্তত এবার ৫০ শতাংশ লাঘব করা যায় সেভাবে কাজ করা হচ্ছে। 

একই সঙ্গে সেনাবাহিনী পরিচালিত এসব কাজের সঙ্গে তরুণ সমাজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী প্রমুখ।