রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ঘটে যাওয়া ভয়াবহ বাসডুবি ঘটনার চতুর্থ দিন আজ। টানা তিন দিন বিরামহীন তল্লাশির পর শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উদ্ধার অভিযানের শেষ ধাপ শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল।
যৌথ বাহিনীর সংশ্লিষ্টরা জানায়, নিখোঁজদের সন্ধানে এবার ৩ নম্বর ফেরিঘাটের বিশাল পন্টুনটি সরিয়ে তার নিচে ও আশপাশের বিস্তৃত এলাকায় বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে ।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছি। নৌবাহিনী, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলস কাজ করেছেন। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পন্টুন সরিয়ে অভিযান চলছে। আজকের অভিযানের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’র একটি যাত্রীবাহী বাসটি যখন দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। সবশেষ ২৬ জন নিহতের বিষয়ে নিশ্চিত করেছে প্রশাসন।