হত্যা পর অটোভ্যান ছিনতাই

পড়াশুনার অবসরে অটোভ্যান চালাত মমিনুর, ধানক্ষেতে মিলল নিথর দেহ  

নীলফামারীর জলঢাকায় মমিনুর ইসলাম মহাবীর নামে এক কিশোরকে হত্যার তার ব্যবহৃত অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মাঝাপাড়া এলাকার তিস্তা সেচ ক্যানেলের পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মমিনুর ইসলাম মহাবীর (১৫) জলঢাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে ও বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অবসর সময়ে সে অটোভ্যান চালাত বলে জানা গেছে। 

পরিবারের বরাতে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মমিনুর ইসলাম মহাবীর পড়াশোনার পাশাপাশি অবসর সময় অটোভ্যান চালাতো। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৫টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মমিনুর। এরপর সে আর বাড়ি ফিরেনি।  এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মমিনুর ইসলামকে হত্যা করেছে। তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।