যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​মৃত জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া মহল্লার ছেলে।

​পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানির স্রোতে তলিয়ে যান। জিসানকে ভেসে যেতে দেখে তার বন্ধু ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে ​সংবাদ পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস কর্মীরা রবিবার দিনভর উদ্ধার অভিযান চালান। পরবর্তীতে সোমবার সকালে রাজশাহী থেকে আগত বিশেষ ডুবুরি দলের সহায়তায় স্পার বাঁধের দক্ষিণ অংশ থেকে জিসানের নিথর দেহ উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত