বাঁশখালীতে অবৈধ বালি উত্তোলন, অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযানে ৩টি ড্রাম্পার ট্রাকসহ ৩ জন চালককে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) পৃথক সম‌য়ে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালু উত্তোলনপূর্বক ড্রাম্পার ট্রাকযোগে পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বালুভর্তি ১ ড্রাম্পার ট্রাকসহ সাধনপুর ৪ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও এলাকার সিরাজুল ইসলামের ছেলে ট্রাকচালক নেজাম উদ্দীনকে আটক করা হয়।

অপরদিকে খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকা থেকে ২টি ড্রাম্পার ট্রাকসহ ট্রাকের চালক খানখানাবাদ ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত জাকের আহমেদর ছেলে আজম খানকে আটক করা হয়।

এ ছাড়া পুঁইছুড়ি প্রেম বাজার এলাকায় অবৈধভাবে অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনকালে ১ ড্রাম্পার ট্রাকসহ ট্রাক চালক ছনুয়া ৭ নম্বর ওয়ার্ডের মৃত জহিরুল ইসলামের ছেলে আকাশকে আটক করা হয়।

উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সা‌নি আকন তা‌দের বিরু‌দ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করেন।