চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর কালীপুর ইউনিয়নের মো. আফনাস (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দুই ভাই-বোনসহ আরও চারজন আহত হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
বুধবার (২৬ আগস্ট) বিকালে লোহাগাড়া উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আফনাস বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী এলাকার বাসিন্দা লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী এলাকায় আফনাসের দাফন সম্পন্ন হয়েছে। অপরদিকে গুরুতর আহত লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী এলাকার মোহাম্মদ আব্দুস সবুর লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখায় চাকরির সুবাদে স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যাংকের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে যান।
পরে সিএনজি অটোরিকশাযোগে বান্দরবান থেকে লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে সিএনজিতে থাকা আফনাস ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) এবং দুই বছর বয়সী ছোট বোন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। আহত মা, বড় ভাই ও ছোট বোন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও মোহাম্মদ আব্দুস সবুর গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।