জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মাসুদ রানা মাতুম (৩৫) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮মার্চ) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের চন্দেরবন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যবসায়ী মাসুদ রানা মাতুম ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তার বাড়িতে অবৈধভাবে বেশি দামে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বকশিগঞ্জ পৌর শহরের চন্দেরবন এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাসুদ রানা মাতুমের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ব্যবসায়ী মাতুলকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, অভিযানে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ এবং তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাড়তি দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।