জম্মু-কাশ্মীরের জোজিলা পাসে তুষারধসে নিহত ৭

জম্মু-কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহের সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত শুক্রবার বিকেলে জোজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পর পর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়লে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিকটবর্তী কারগিল জেলার জেলা প্রশাসন জরুরিভিত্তিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেয়। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন তিনি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানিয়েছেন, জোজিলা পাসের পরিস্থিতি তিনি নিজে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন।

ধসগুলো ঘটেছে জোজিলা পাসের জিরো পয়েন্ট থেকে মিনিমার্গ এলাকার মধ্যে এবং এর জেরে বিপুল পরিমাণ তুষার ও পাথর জমা হয়েছে মহাসড়কের এই অংশে। এই পাথর আর তুষার সরাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। জিতেন্দ্র সিংয়ের এক্সবার্তায় বলা হয়েছে, আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।