জাম্বিয়া ম্যাচের আগে স্কালোনির বেঞ্চ পরীক্ষা; গ্যালারিতে বসে দেখলেন মেসি

ঘরের মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারার আক্ষেপ ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে এক প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ম্যাচে বড়দের দল ১-০ ব্যবধানে জয় পেয়েছে। সিনিয়র দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন পালমেইরাস তারকা হোসে ম্যানুয়েল লোপেজ।

ম্যাচটি ছিল মূলত সাইড বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা এই ম্যাচে লিওনেল স্কালোনি নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের পরখ করে নিয়েছেন। জেরোনিমো রুল্লি, ওটামেন্ডি ও ট্যাগলিয়াফিকোর মতো অভিজ্ঞদের পাশাপাশি নিকোলাস পাজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিদের মতো তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছিল। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও জিউলিয়ানো সিমিওনেকেও মাঠে নামান কোচ।

জোয়াকিন পানিচেল্লির ইনজুরিতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে হোসে ম্যানুয়েল লোপেজের সামনে। মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা এই স্ট্রাইকার আজ গোল করে কোচের আস্থার প্রতিদান দিলেন। অন্যদিকে, সিরি-আ’তে কোমো-র হয়ে খেলা নিকোলাস পাজও ছিলেন বেশ উজ্জ্বল।

অনুর্ধ্ব-২০ দলের এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন খোদ লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস ও এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া। ডিয়েগো প্লাসেন্তের অধীনে থাকা অনূর্ধ্ব-২০ দলটির লড়াকু মানসিকতা স্কালোনির প্রশংসা কুড়িয়েছে।

আগামী মঙ্গলবার (৩১ মার্চ) লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত অভিযানে যাওয়ার আগে এটিই হবে আর্জেন্টিনার ঘরের মাঠে শেষ ম্যাচ। এরপর ১১ মে’র মধ্যে ৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক তালিকা এবং ৩০ মে’র মধ্যে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ফিফার কাছে জমা দিতে হবে স্কালোনিকে।