ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে। এই গোষ্ঠী জানায়, তারা রবিবার (২৯ মার্চ) দক্ষিণ ইসরায়েলের কয়েকটি অংশে দ্বিতীয় হামলা চালাল।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর (ইয়েমেনের সামরিক বাহিনীর হুতি অংশ) মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, দলটি ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধারাবাহিক হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, এই হামলাগুলো ইরান ও হিজবুল্লাহর নিজ নিজ সামরিক অভিযানের সাথে একই সময়ে চালানো হয়েছে এবং এটি সফলভাবে তার উদ্দেশ্য সাধন করেছে।
তিনি বলেন, যতক্ষণ না এই অপরাধী শত্রু তার হামলা ও আগ্রাসন বন্ধ করছে, ততক্ষণ আগামী দিনগুলোতে আরও হামলা চালানো হবে।
২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের দিকে তাদের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি হুতিরা নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর, ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যমে হুতিদের দ্বিতীয় দফা হামলার খবর প্রকাশের পর তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই বিবৃতিটি আসে।
এর আগে শনিবার ইরানের পক্ষে ইসরায়েলে প্রথম হামলা চালায় ইয়েমেন। তারা ঘোষণা করেছে, ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।