পাড়িক্কালের ব্যাটিং দেখে কৌশল বদলে ফেলেন কোহলি

মাঠে যখন বিরাট কোহলি থাকেন, সাধারণত লাইমলাইট তার ওপরই থাকে। কিন্তু আইপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে দেখা গেল ভিন্ন চিত্র। ২৬ বলে ৬১ রানের এক টর্নেডো ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের ভিত গড়ে দেন দেবদত্ত পাড়িক্কাল। সতীর্থের এমন মারমুখী ব্যাটিং দেখে কোহলি নেন সহায়কের ভূমিকা।

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে আলাপকালে ৩৮ বলে ৬৯ রানের ইনিংস খেলা কোহলি জানান, ওপেনিং সঙ্গী ফিল সল্ট বিদায় নেওয়ার পর তিনি নিজেই চড়াও হওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পাড়িক্কালের শুরুটা দেখে তিনি অবাক হয়ে যান। কোহলি বলেন, “অসাধারণ ইনিংস! পাওয়ার প্লে-তে আমি নিজে আক্রমণাত্মক খেলার কথা ভেবেছিলাম। কিন্তু ওর ব্যাটিং দেখে মনে হলো, আমার কাজ শুধু ওকে স্ট্রাইক দেওয়া আর মাঝেসাঝে দু-একটি বাউন্ডারি মারা। ও একাই প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচটা কেড়ে নিয়েছে।"

ঘরোয়া ক্রিকেটে লাল বলের দুর্দান্ত ফর্ম সাদা বলের ক্রিকেটেও টেনে এনেছেন পাড়িক্কাল। কোহলি বিশেষ করে তার একটি ছক্কার কথা উল্লেখ করেন, যা স্লোয়ার ডেলিভারিতে মিড-অনের ওপর দিয়ে মেরেছিলেন। কোহলি তখন পাড়িক্কালকে বলেছিলেন, “তুমি অবিশ্বাস্য খেলছ, এভাবেই চালিয়ে যাও।” কোহলির মতে, পাড়িক্কালের টাইমিং, মাথার পজিশন এবং ব্যালেন্স এখন বিশ্বমানের পর্যায়ে পৌঁছেছে।

মাত্র ১৫.৪ ওভারে লক্ষ্য পেরিয়ে যাওয়ায় নেট রান রেটের দিক থেকেও বড় সুবিধা পেয়েছে আরসিবি। কোহলি মনে করেন, পাড়িক্কালের এই ইনিংসের কারণেই ২৫-২৬ বল হাতে রেখে ম্যাচ জেতা সম্ভব হয়েছে, যা টুর্নামেন্টের পরের দিকে দলকে এগিয়ে রাখবে।

দীর্ঘদিন ধরে আরসিবিতে একসঙ্গে খেললেও পাড়িক্কালের সামর্থ্যের এমন প্রয়োগ এর আগে কখনও কোহলিকে এত মুগ্ধ করেনি। কিংবদন্তি এই ব্যাটারের প্রশংসায় সিক্ত হয়ে পাড়িক্কাল এখন নতুন মৌসুমে আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন।