গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা (অধ্যক্ষ) শাহেদা আহমেদ (৫০) মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৯ মার্চ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গাজীপুর ইউনিয়নের শৈলাট গাজীপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। ঈদের ছুটিতে বাড়িতে ঈদ করতে এসে তিনি এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ পরিবারের সঙ্গে ঈদের ছুটিতে গ্রামে আসেন। গত ২৫ মার্চ বুধবার গ্যাস সিলিন্ডারের লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি দগ্ধ হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অধ্যক্ষ শাহিদা আহমেদকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠান। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ বিষয়ে থানার কেউ আমাদের অবহিত করেননি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে বলা যাবে প্রকৃত ঘটনা।