কালিগঞ্জে কিশোরী বধূর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরী বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাতে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভুতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম বৃষ্টি খাতুন খুকুমণি (১৬)। তিনি ওই এলাকার সালমা খাতুন ও বাবলু সরদারের মেয়ে।

পরিবারের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি মো. জুয়েল হোসেন বলেন, প্রায় দুই মাস আগে নাইম হোসেনের সঙ্গে বৃষ্টির বিয়ে হয়। ঘটনার দিন রাতে বাবার বাড়িতে নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দিলে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পরিবার ও প্রতিবেশীদের বয়ানে সাংবাদিকদের জানান, সালমা খাতুন ও বাবলু সরদার দম্পতি কাজের জন্য রাজধানীতে থাকেন। আর তাদের মেয়েটি থাকে গ্রামে। মেয়েটির সঙ্গে স্থানীয় যুবক নাইম হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই বৃষ্টি নানারকম জীদ ও অভিমান চালাতে থাকে। শনিবার স্থানীয় একটি ওরস মাহফিলের মেলায় যাওয়ার জন্য বায়না ধরে স্বামীর ফোনে। কিন্তু পরে বেশ কিছুক্ষণ স্বামী নাইমের ফোন বন্ধ পাচ্ছে এমন কথা জানাতে থাকে প্রতিবেশীদের। তার কিছুক্ষণ পর বৃষ্টির কোন খবর পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় ঘরের বেড়া দিয়ে তাকিয়ে এলাকাবাসী দেখতে পায় বৃষ্টির ঝুলন্ত মরদেহ।

পরিবারের বরাতে ওসি জুয়েল হোসেন জানান, ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, নলতায় ওরস শরিফে স্বামীর সঙ্গে নিয়ে না যাওয়াকে কেন্দ্র করে অভিমানে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। 

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অল্প বয়সে বিয়ে, মানসিক চাপ নাকি পারিবারিক কোনো অজানা দ্বন্দ্ব বৃষ্টির অকাল মৃত্যু নতুন করে প্রশ্ন তুলছে সমাজের নানা বাস্তবতা নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত