জ্বালানি তেল পাচারের অপরাধে ৩ জনে কারাদণ্ড, লাখ জরিমানা

নীলফামারীতে রাস্তায় জ্বালানি তেলবাহী লরি থামিয়ে ১৩ লিটার পেট্রোল পাচার করার সময়ে হাতেনাতে তিনজনকে ধরে ছয় মাসের কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ মার্চ) সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার (২৮ মার্চ) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা ও কারাদণ্ড দেন। এসময় সদর থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর এলাকার একরামুল ইসলাম (৩০), একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার কৃষ্ণ চন্দ্র দাস (৩৫) ও নীলফামারী সদরের দুহুলিপাড়া এলাকার মো.রিফাত ইসলাম (১৮)।

সংশ্লিষ্টরা জানায়, শনিবার রাতে তারা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেলবাহী লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরছিলেন। এসময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তেলবাহী লরির চালক, হেলপারসহ তিনজনকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আজ রবিবার কারাগারে পাঠানো হয়েছে।