কক্সবাজারে উখিয়া সীমান্তে দুইদিনের মাথায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আব্দুল হাকিম নামে রোহিঙ্গা এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরে তীরে উঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। বিস্ফোরণের তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
তিনি জানান, ঘটনার পর স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
গত ২৬ মার্চ একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।