বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের ঘর থেকে লতিফ আকন্দ নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার নিশিন্দারা এলাকার শালমারা চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লতিফ আকন্দ (৬৫) উপজেলার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, লতিফ আকন্দ নিয়মিত সেচ পাম্পের ঘরেই রাত কাটাতেন। শনিবার রাতেও তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে পাম্পঘরে যাওয়ার জন্য বের হন। তবে সকালে দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে পাম্পঘরের বেড়া ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে তারা লতিফ আকন্দের রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তারা জানায়, লতিফের মাথা ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘরের ভেতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির আলামত দেখা গেছে যার কারণে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
