রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম শেখ ফরিদ (৫২)। আহত হয়েছেন চালকসহ আরও এক যাত্রী।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকোপার্কের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদের মামা সোয়াইব মোর্শেদ জানান, ফরিদের বাড়ি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভালাশপুর গ্রামে। তার বাবার নাম মৃত ওবায়দুল্লাহ। বর্তমানে থাকতেন রাজধানীর কদমতলীর পলাশপুর এলাকায়। ভ্যানে করে জামাকাপড় বিক্রি করতেন তিনি।
সোয়াইব আরও জানান, মালামাল কিনতে কদমতলী থেকে সিএনজি অটোরিকশায় করে কেরানীগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথে শ্যামপুর বাজারে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফরিদ। তখন পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইয়ামিন নামে আরেক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মুসাহিদুল ইসলাম জানান, দুপুরে শ্যামপুর বাজার ইকোপার্কের পাশে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঢাকা মেডিকেলে মারা গেছেন। আহত চালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে আর এক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।