মোহাম্মদপুরে ‘কবজি কাটা গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’ এর সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। 

শনিবার (২৯ আগষ্ট) সকালে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের ভয় দেখাতে ব্যবহৃত দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মো. চাঁন মিয়া (২০)। 

এম মুবীন রহমান তাপস বলেন, সকালে র‌্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদীয়া হাউজিং এলাকায় দুস্কৃতকারীরা দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়।

এরা তিনজন ‘কবজি কাটা আনোয়ার দ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই, দস্যুতা, ডাকাতি এবং মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলে জানান,  র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন। তিনি জানান, এর আগে গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদারের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।

এছাড়া আসামি মো. হানিফ হোসেন ওরফে জয়ের নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, দ্রুত বিচার আইনে একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এছাড়া জয় তিনটি মামলার চার্জশিটে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত জয় আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেপ্তার হয়েছিল। আসামি মো. চাঁন মিয়ার নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকের দুটি এবং আদাবর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত