পানির নিচে শুটিং, মারাই গেলেন রাহুল অরুণোদয়

টলিপাড়ায় আবারও অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরেরে এই অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। পরে তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে তার। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।’ 

ভাস্কর আরও জানান, তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারেননি ইউনিটের কেউ।