৪২ বছর পর অভিনয়ে সৈয়দ জামিল আহমেদ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

দেশের প্রথিতযশা নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ দীর্ঘ ৪২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন। নির্দেশকের পরিচয়ের বাইরে এবার তাকে দেখা যাবে মঞ্চে একজন অভিনেতার ভূমিকায়। স্পর্ধা একাডেমির নতুন প্রযোজনা ‘গোলমাথা আর চোখামাথা’ নাটকে অতিথি চরিত্রে অভিনয় করছেন তিনি। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটক অবলম্বনে নির্মিত এই প্রযোজনায় সৈয়দ জামিল আহমেদ একজন বিচারকের চরিত্রে অভিনয় করবেন। নাটকটির বাংলা অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার। 

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার বিষয়ে সৈয়দ জামিল আহমেদ জানান, সর্বশেষ ১৯৮৪ সালে ‘ফণীমনসা’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর অভিনয়ের জন্য মঞ্চে ওঠা হয়নি। প্রায় চার দশক পর আবারও অভিনয়ের সুযোগ পেয়ে তিনি বেশ আনন্দিত। 

তবে এই ফিরে আসার পেছনে বিশেষ একটি কারণও রয়েছে। নিজের ছাত্রীর নির্দেশনায় কাজ করতে পেরে গর্ববোধ করছেন বলে জানিয়েছেন তিনি। সৈয়দ জামিল আহমেদের ভাষায়, ‘আমার ছাত্রীর নির্দেশনায় কাজ করছি, এটা আমার জন্য গৌরবের বিষয়। মহসিনা আমার চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই আনন্দের। এই নাটকে বেবি বুমার থেকে জেনজি-চার প্রজন্মের শিল্পীদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে, যা সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা।’ 

তিনি মনে করেন, একজন নির্দেশকের নিয়মিত মঞ্চে অভিনয় করাও প্রয়োজন। কারণ অভিনয়ের মাধ্যমে শিল্পীদের নানা সংকট ও চ্যালেঞ্জ আরও গভীরভাবে উপলব্ধি করা যায়। সেই অভিজ্ঞতা একজন নির্দেশক হিসেবেও কাজে লাগে। 

‘গোলমাথা আর চোখামাথা’ নাটকটির পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আগামী ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনী হবে। এরপর ২৪ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ২৫ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় আরও চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত