যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া এবং মুক্তির পর প্রথমবার মুখ খুললেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তিনি জানিয়েছেন, মাঝে কঠিন সময় পার করলেও তিনি ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, বিটনি অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। প্রাথমিক তদন্তের পর তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে আটক করা হয়।
গ্রেপ্তারের পর বেশ কিছুদিন জনসম্মুখে না আসায় তাকে নিয়ে ভক্তরা উদ্বিগ্ন ছিল। তবে দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সহজ ও আন্তরিক বার্তা শেয়ার করেছেন ব্রিটনি। তিনি লিখেছেন, ‘সবরকম সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ... পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই অনেক বড় আশীর্বাদ। সবাই মানবিক হওয়ার চেষ্টা করবেন।’
বর্তমানে এই সংগীত তারকা তার ছোট ছেলে জেডেনের সঙ্গে সময় কাটাচ্ছেন। জানা গেছে, বড় ছেলে শনও খুব শিগগিরই তার সঙ্গে যোগ দেবেন। সন্তানদের সান্নিধ্য তাকে মানসিকভাবে সুস্থ হতে সাহায্য করছে বলে মনে করছেন গায়িকার ঘনিষ্ঠরা।