কালীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে নসিমনচাপায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির সামনে রাস্তা পার হতে গিয়ে নসিমন গাড়িতে চাপা পড়ে মরিয়ম খাতুন নামে (৫) বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার দুলালমুন্দিয়া চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম খাতুন ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান।

‎নিহতের স্বজনরা জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল শিশু মরিয়ম। এ সময় ইঞ্জিনচালিত দ্রুতগতির একটি নসিমন গাড়ি তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।