উত্তরবঙ্গের ৫ জেলায় তিন দিনের সফরে আসছেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১১:৪৩ পিএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন(যুক্তরাষ্ট্র) রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরবঙ্গের রংপুর বিভাগের পাঁচ জেলায় তিন দিনের সফরে আসছেন। আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সফর করবেন।

শনিবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার উপপ্রধান (মিশন সার্ভিস) ফুয়াদ হাসান পরাগ।

সফরসূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর তিনি রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করবেন। দুপুর ১টার দিকে তিনি দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারী ও লালমনিরহাট অংশ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজে গিয়ে রাত্রীযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন ৩১ আগস্ট সকালে তিনি পঞ্চগড়েরর মহানন্দা নদী ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করবেন। এরপর দুপুরে পঞ্চগড় জেলা হাসপাতাল এবং বিকেলে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর), পঞ্চগড় মহিলা কলেজ ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করবেন। শেষে সড়কপথে ঠাকুরগাঁও গিয়ে ইএসডিও গেস্ট হাউজে রাত্রীযাপন করবেন।

সফরের শেষ দিন ১ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত এশিয়ার বৃহত্তম ও ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করবেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর দুপুরে দিনাজপুরের কান্তজির মন্দির, নয়াবাদ মসজিদ ও পার্বতীপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করবেন। বিকেলে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচ (বগি নম্বর ১২৬৫) করে রেলপথে সৈয়দপুরে আসবেন। সেখানে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করবেন তিনি। পরে সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের সফরকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত