সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে জুতায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দোকানিরা অনেকে বাইরে চলে আসলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশে পাশের প্রায় ৮ থেকে ১০টির বেশি দোকানে আগুন ছড়িয়ে পরে। প্রায় দুই ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট থেকে। বাকিটা ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি। এসে বুঝতে পারি আগুনের তীব্রতা খুব বেশি। যার কারণে আমরা শান্তিগঞ্জ ইউনিটকে খবর পাঠাই পরবর্তীতে দুই ইউনিট একত্রে কাজ করেছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।