ভোলার দৌলতখান পৌরসভার স্লুইসগেট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দুটি গোডাউনসহ ১০টি স্থাপনা পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা-সংলগ্ন স্লুইসগেট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে স্থানীয় জ্বালানি তেল ব্যবসায়ী মো. শাহাবুদ্দিনের একটি তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার ধারণ করে আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে দুটি জ্বালানি তেলের গোডাউন, দুটি বসতঘর, দুটি মুদি দোকান, দুটি খাবার হোটেল ও একটি জালের গোডাউন পুড়ে যায়। গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খন্দকার মেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে