খুলনায় সাত হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টায় স্থানীয় লোকজন তেলবাহী লরিটি আটক করে।
আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, তেলবাহী লরিটি সাতক্ষীরার দেবহাটার বিভিন্ন দোকানে (খোলা বাজারে বিক্রির জন্য) সরবরাহ করার উদ্দেশ্যে সদর থানার গাবা গ্রাম থেকে তেল নিয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন তেলসহ লরিটি আটক করে।
সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল সংক্রান্তে বৈধ কাগজপত্র না থাকায় তেলসহ লরিটি আটক করে সদর থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।