ফেনীর সব উপজেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধে ২৮ ট্যাগ কর্মকর্তা নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত আদেশে কর্মকর্তা নিয়োগের বিষয়ে জানানো হয়।
আদেশ অনুযায়ী, ফেনী সদর উপজেলার স্টার লাইন ফিলিং স্টেশনে (লালপোল) উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, মহিপাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আলমগীর হোসেন, নজির আহমদ ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন, সান্ধানী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মো. আজাদ ও মুহুরী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) মো.ফাহাদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া ফরিদা বখতিয়ার ফিলিং স্টেশনে উপসহকারী কৃষি কর্মকর্তা মো.হানিফ, আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী, আব্দুল খালেক ফিলিং স্টেশনে সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান ভূঁইয়া, প্রগতি ফিলিং স্টেশনে সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম, মা মনি ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নাজমুন নাহার ও এম এম ফিলিং স্টেশনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
একই উপজেলার ফতেপুরের স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, এস রহমান ফিলিং স্টেশনে সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, তেমুহনীর স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন ভূঁইয়া, স্টার লাইন ফিলিং স্টেশন টার্মিনালে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম ও জেনিথ ফিলিং স্টেশনে সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. রেজওয়ানুল হক শুভকে ট্যাগ কর্মকর্তা করা হয়েছে।
একই সঙ্গে ফুলগাজী উপজেলার আলম ট্রেডার্সে ফুলগাজী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিহির কান্তি দেবনাথ ও ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আরমান দায়িত্ব পালন করবেন।