আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক চাপায় সুবল দাস (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত বাদল দাস পৌরশহরের দূর্গাপুরের মৃত হীরালাল চন্দ্র দাসের পুত্র। তিনি সড়ক বাজারের লন্ড্রী ব্যবসায়ী ছিলেন। 

রবিবার রাত আড়াইটার দিকে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া পৌরশহরের খড়মপুর বাইপাস চার রাস্তার মোড়ে অটোরিক্সাকে ট্রাক চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। আহতরা হলেন- অটোচালক দূর্গাপুর গ্রামের রফিকুল ইসলাম, অটোযাত্রী খড়মপুর গ্রামের খোকন খান খাদেমের পুত্র সিয়াম খান খাদেম ও শরীফ খান খাদেমের পুত্র সৌরভ খান খাদেম, চানপুর গ্রামের রবিন খান। 

আহতদের মধ্যে সিয়াম খান খাদেম ও রফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। এ ঘটনায় ট্রাক চালক কাউছার মিয়া (৩২) কে আটক করা হয়ছে। ট্রাকটি জব্ধ করে থানায় নেওয়া হয়েছে। 

এ ব্যপারে দুর্ঘটনায় আহত সৌরভ খান খাদেম বলেন, আমি, সিয়াম ও রবিন তিনজন তূর্ণা নিশিতা ট্রেনে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে নেমে অটোরিক্সা করে বাড়িতে ফিরছিলাম। এসময় অটোরিক্সার সামনে একজন ও ভেতরে আরেকজন নারী যাত্রী ছিল। অটোরিক্সাটি রেলওয়ে স্কুল অতিক্রম করে বাইপাস সড়কের চার রাস্তার মোড়ে উঠলে পশ্চিম দিক থেকে দ্রুত গতিতে একটি ট্রাক এসে আমাদের অটোরিক্সাকে থাক্কা দেয়। এতে সামনে বসে থাকা এক যাত্রী ট্রাকে নিচে চাপা পড়ে। আমরাও ছিটকে রাস্তায় পড়ে গিয়ে আহত হই। আমি ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি অবগত করি। 

খবর পেয়ে আমার পরিবারের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে যায়। পুলিশও ঘটনাস্থলে আসে। অটো চালক রফিক ও আমাদের চাচাতো ভাই সিয়াম গুরুতর আহত হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর পরার্মশ দেয়। সিয়াম মাথায়, হাতে ও পায়ে মারাত্মক জখম হয়েছে। আমি হাতে পায়ে ব্যাথা পেয়েছি। তবে গুরুত আহত হইনি। আমি ও রবিন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসি। 

এদিকে, খড়মপুর মাজার কমিটির সাবেক সদস্য ও সিয়ামের চাচা কাইয়ুম খান খাদেম বলেন, চার রাস্তার মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সড়কটি শহরে প্রবেশের একটি গুরত্বপূর্ণ সড়ক। এসড়ক দিয়ে প্রতিদিনি শত শত স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করে। চার রাস্তার মোড়ের দুই দিকে অবিলম্বে দুটি স্পিড ব্রেকার দেওয়ার দাবী জানাচ্ছি। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ট্রাক চালক ও ট্রাকটি জব্ধ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।