খাসির মাংস না পেয়ে বিয়ে না করে চলে গেলেন বর

কনেপক্ষের ফুল দিয়ে বরণে অসন্তোষ, অবশেষে ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের পিঁড়ি ছেড়ে বর একাকী ছিটকে গেলেন—এমন এক অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো আখাউড়া!

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

খাবারের আয়োজনে ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংসের দেখা মেলেনি—কেবল এই অজুহাতে বিয়ের শুভ কাজ অসম্পূর্ণ রেখে কনের বাড়ি থেকে একাকী কেটে পড়লেন এক জাপান প্রবাসী বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই তুলকালাম কান্ড ঘটে।

খাসির মাংসের দাবিতে অটল থাকা ওই বরের নাম জুনায়েদ। তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং। তিনি জাপান প্রবাসী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে কনেপক্ষ তাকে অত্যন্ত আন্তরিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয়। তবে বরণের শুরুতেই অসন্তোষ প্রকাশ করেন বর এবং উপস্থিত অতিথিদের সামনেই বিরূপ মন্তব্য ছড়ান। এরপরও অভ্যর্থনা শেষে তাকে নির্ধারিত গেট ও তোরণে নিয়ে যাওয়া হয়।

স্বজনদের আপ্যায়ন পর্ব শেষে প্রচলিত প্রথা অনুযায়ী বরের সামনে তুলে দেওয়া হয় বিশেষ খাবারের আয়োজিত ‘খদর’। প্লেটে চোখ পড়তেই বিপত্তি—খাবারের মেন্যুতে খাসির মাংস অনুপস্থিত! ব্যস, অমনি বেঁকে বসেন বর জুনায়েদ। স্পষ্ট জানিয়ে দেন, খাসির মাংস না দিলে তিনি এক লোকমা খাবারও ছোঁবেন না এবং বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন না।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কনেপক্ষের স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বরকে অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু জুনায়েদ নিজের একগুঁয়ে অবস্থানেই অনড় থাকেন। একপর্যায়ে বিয়ের সব কাজ স্থগিত রেখেই কাউকে কিছু না বলে কনের বাড়ি ত্যাগ করেন তিনি।

কনের বাবা শফিক মিয়া ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, খাবারের ব্যাপারে বরপক্ষের থেকে আগে থেকে কোনো চাহিদার কথা জানানো হয়নি। জানা থাকলে অবশ্যই তারা খাসির মাংসের ব্যবস্থা করতেন। হুট করে ঘটে যাওয়া এই ঘটনার পর আকুল আবেদন জানানো সত্ত্বেও বর কোনো কথায় কান দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বরকে বোঝানোর কম চেষ্টা করা হয়নি, কিন্তু খাসির মাংসের দাবিতে অনড় থেকে তিনি সোজা বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে যান। ওই সময়ে বরের মেজাজ ও আচরণেও বেশ অস্বাভাবিকতা দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত